top of page
image_6487327 (1).jpg

আমাদের কথা

ময়ূরপঙ্খি বাংলাদেশের একটি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্য প্রকাশনা প্রতিষ্ঠান। ২০১৪ সালে যাত্রা শুরু করে ময়ূরপঙ্খি। শুরু থেকেই আমাদের ভাবনা খুব সহজ - শিশুর হাতে এমন বই তুলে দেওয়া, যে বই তাকে আনন্দ দেবে, কৌতূহলী করে তুলবে এবং বইয়ের সঙ্গে গড়ে তুলবে আজীবনের বন্ধুত্ব।

শিশু-কিশোরদের জন্য ময়ূরপঙ্খি প্রকাশ করে বোর্ড বই,, ছবির বই,, সচিত্র গল্পের বই, কমিকস, অ্যাক্টিভিটি ও রং করার বই এবং সচিত্র ধ্রুপদি সাহিত্য। বাংলা ও ইংরেজি- দুই ভাষাতেই প্রকাশিত হয় আমাদের বই। ভালো গল্পের পাশাপাশি সুন্দর অলংকরণ, নান্দনিক নকশা ও মানসম্মত প্রকাশনার দিকে আমরা বিশেষ যত্ন দিই।

ময়ূরপঙ্খির মূল কথা ‘পড়ার আনন্দ’। আমাদের বিশ্বাস, বই শুধু শেখার জন্য নয়- বই আনন্দের, কল্পনার, প্রশ্ন করার আর নতুন কিছু আবিষ্কারেরও। একটি ভালো বই শিশুকে তার চেনা জগৎকে নতুন চোখে দেখতে শেখায়, আবার পরিচয় করিয়ে দেয় অচেনা মানুষ, দেশ, সংস্কৃতি ও ভাবনার সঙ্গে। তাই বাংলাদেশের নিজস্ব জীবন, প্রকৃতি ও সংস্কৃতির গল্প যেমন আমাদের প্রকাশনায় জায়গা পায়, তেমনি বিশ্বের নানা প্রান্তের গল্পও আমরা বাংলা ভাষার শিশুদের কাছে পৌঁছে দিতে চাই।

দেশি-বিদেশি লেখক, অলংকরণশিল্পী, অনুবাদক ও প্রকাশকদের সঙ্গে কাজ করছে ময়ূরপঙ্খি। মৌলিক বই প্রকাশের পাশাপাশি অনুবাদ, আন্তর্জাতিক প্রকাশনা স্বত্ব, কো-এডিশন এবং বিভিন্ন দেশের প্রকাশকদের সঙ্গে যৌথ উদ্যোগে বই প্রকাশেও প্রতিষ্ঠানটি সক্রিয়।

শিশুসাহিত্য প্রকাশনায় কাজের স্বীকৃতিও পেয়েছে ময়ূরপঙ্খি। প্রতিষ্ঠানটি বাংলা একাডেমি রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার অর্জন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে ময়ূরপঙ্খি BOP – Bologna Prize for the Best Children’s Publishers of the Year (Asia)-এর সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে। ময়ূরপঙ্খির প্রতিষ্ঠাতা ও প্রকাশক, মিতিয়া ওসমান ২০২৪ সালে PublisHer Excellence Award – Emerging Leader সম্মাননা লাভ করেন।

শিশুর প্রথম বোর্ড বই থেকে শুরু করে এমন ছবির বই, যার গল্প শেষ পাতা পড়ার পরও মনে থেকে যায়—ময়ূরপঙ্খি তৈরি করতে চায় এমনই বই। যে বই শিশু আনন্দ নিয়ে হাতে তুলে নেবে, বারবার পড়বে, অন্যের সঙ্গে ভাগ করে নেবে এবং ধীরে ধীরে হয়ে উঠবে একজন আনন্দময় পাঠক।

  • Facebook
  • Twitter
  • YouTube
  • Pinterest
  • Instagram
English%20final%20logo_edited.jpg
bottom of page